পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচর বাজারে এক অভিনব অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ক্রেতা সেজে বাজারের প্রকৃত পরিস্থিতি বুঝতে বোরকা পরে ছদ্মবেশ ধারণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। পরে তিনি অভিযান পরিচালনা করেন। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাধারণ ক্রেতার বেশে বোরকা পরে শিবচর পৌর বাজারে প্রবেশ করেন ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। তিনি দীর্ঘ সময় ধরে মাছ, মাংস, মুদি ও ফলের দোকানে ঘুরে ঘুরে পণ্যের দাম এবং ওজন পর্যবেক্ষণ করেন। এ সময় ব্যবসায়ীদের কারসাজি ও অনিয়ম হাতেনাতে শনাক্ত করার পর তিনি নিজের পরিচয় প্রকাশ করে অভিযানে নামেন।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে দেখা যায়, অনেক ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন এবং ওজনে কম দিচ্ছেন। বিশেষ করে মাংসের বাজারে খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রি করার মতো প্রতারণা ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব অপরাধে সাতটি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, আমি প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করে অনিয়মগুলো চিহ্নিত করি। পরে অভিযান পরিচালনা করি। আজ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। বাকিদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
Adiba tumme lamia 



















