ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্যেই এ দুর্ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। তবে এতে কেউ নিহত হয়েছে কি না বা কেউ জীবিত উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন ‘‘এপিক ফিউরি’’ চলাকালে বন্ধুত্বপূর্ণ আকাশসীমার মধ্যেই মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানের ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে আমরা অবগত হয়েছি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।’
সেন্ট্রাল কমান্ডের বক্তব্য অনুযায়ী, ঘটনায় দুটি বিমান জড়িত থাকতে পারে। সম্ভবত তারা কাছাকাছি অবস্থানে উড়ছিল বা কোনো ধরনের সংঘর্ষ ঘটেছে। তবে দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, এ দুর্ঘটনা শত্রুপক্ষের হামলা বা মিত্রপক্ষের ভুলবশত গুলিবর্ষণের কারণে ঘটেনি।
এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে ইতোমধ্যে সাতজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া প্রায় ১৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর এটি মার্কিন বাহিনীর সর্বশেষ বড় দুর্ঘটনা। এর আগে ১ মার্চ যুদ্ধ শুরুর পরদিনই গুলিবর্ষণের ঘটনায় তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। পরে জানানো হয়, যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত সেগুলো গুলি করে নামিয়েছিল। তবে ওই তিন বিমানে থাকা ছয়জন ক্রু সদস্য ইজেক্ট করে নিজেদের নিরাপদে নেন।
Afiaa zaman 



















