লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে প্রায় ৪ লাখ ৫০ হাজার রিজার্ভ সেনা ডাকার পরিকল্পনা করছে ইসরায়েল। রোববার এমন তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে সামরিক প্রস্তুতি জোরদার করতে এই বৃহৎ মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে লেবাননে সম্ভাব্য স্থল অভিযান চালানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এ লক্ষ্যে ইসরায়েলি সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তাব জমা দিয়েছে। শিগগিরই এটি অনুমোদনের জন্য সরকারের মন্ত্রীসভা এবং সংসদের প্রতিরক্ষা বিষয়ক কমিটির সামনে উপস্থাপন করা হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ ২ লাখ ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের অনুমতি রয়েছে, যা জানুয়ারিতে নির্ধারণ করা হয়েছিল। নতুন প্রস্তাব অনুমোদন পেলে সেই সীমা অনেকটাই বাড়বে।
লেবাননের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় ইসরায়েলি সেনাবাহিনী সামরিক অভিযান সম্প্রসারণের বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছে। এর মধ্যে লেবাননের ভূখণ্ডে স্থল অভিযান শুরু করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।
Nayeem Al Mamun 



















