যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেন, ‘আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না।’ শান্তির বার্তা প্রচার অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। খবর সিএনএন’র।
সোমবার (১৩ এপ্রিল) পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, তিনি কোনো বিতর্কে জড়াতে চান না। তার বক্তব্য কাউকে আক্রমণ করার জন্য নয়। বরং তিনি সবাইকে শান্তি ও পুনর্মিলনের পথ খোঁজার আহ্বান জানান।
ইরান যুদ্ধ ইস্যুতে নিজের মন্তব্য নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ এড়ানোর সব উপায় খুঁজে বের করাই এখন জরুরি। এ ক্ষেত্রে সবার দায়িত্ব রয়েছে।
পোপ আরও জানান, তিনি চার্চের বর্তমান দায়িত্ব পালনে অটল থাকবেন। তার ভাষায়, বিশ্বে চার্চের মূল মিশনই হলো শান্তির বার্তা পৌঁছে দেওয়া।
তিনি বলেন, ‘আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। গসপেলের বার্তা জোরালোভাবে তুলে ধরব।’ তবে তিনি স্পষ্ট করেন, চার্চ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এবং তারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না।
নিজেকে একজন শান্তির দূত হিসেবে উল্লেখ করে পোপ বলেন, তার লক্ষ্য মানুষকে সংঘাত থেকে দূরে রাখা এবং সংলাপের পথে উৎসাহিত করা।
Adiba tumme lamia 



















