কলকাতায় আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও ভারতে অবস্থানের অপরাধে কলকাতায় ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ধৃতরা প্রত্যেকেই আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতাকর্মী বলে জানা গেছে। তাদের মধ্যে একজন সঙ্গীতশিল্পীও। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) কলকাতার কলিন স্ট্রিটের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
কলকাতা পুলিশ জানিয়েছে, তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা মূলত বাংলাদেশের নোয়াখালী ও টাঙ্গাইলের বাসিন্দা। তাদের কাছ থেকে ৬টি বাংলাদেশের বৈধ পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা হচ্ছেন আবির হোসেন, মহম্মদ মামুন রশিদ, মহম্মদ আলিমুন গাজি, আজম মোল্লা, ফয়জল আমিন, জায়দুল ইসলাম।
এদের মধ্যে আজম মোল্লা বাংলাদেশের গায়ক। তিনি কলকাতায় আসার পরও পরিচিত মহলে গান গেয়ে বেড়িয়েছেন বলে জানা যায়। গ্রেপ্তার হওয়ার সময় আজম নিজের গিটারও হাতছাড়া করতে চাননি। পার্ক স্ট্রিট থানার পুলিশ কর্মকর্তাদের তিনি অনুরোধ জানান, যাতে তাকে গান গাইতে দেয়া হয়।
Morshed Alam Murad 



















