যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে পদচ্যুত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে তার কাজের প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ থেকেই এমন সিদ্ধান্ত। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বৃহস্পতিবার (২ এপ্রিল) পাম বন্ডিকে পদ থেকে অপসারণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় ট্রাম্প ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লেন্স —যিনি তার সাবেক ব্যক্তিগত আইনজীবী, তিনি অস্থায়ীভাবে বিচার বিভাগ পরিচালনা করবেন। একই সঙ্গে তিনি বলেন, বন্ডি শিগগিরই বেসরকারি খাতে নতুন দায়িত্বে যোগ দেবেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
রয়টার্সের বরাতে জানা যায়, ট্রাম্প মনে করছিলেন বন্ডি তার সমালোচক ও রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে প্রত্যাশিত গতিতে ফৌজদারি ব্যবস্থা নিতে পারছেন না। এ কারণে তার প্রতি অসন্তোষ বাড়তে থাকে।
বুধবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বন্ডিকে তার পদ থেকে সরানোর পরিকল্পনার কথা জানান। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের ঘনিষ্ঠরাও তাকে দ্রুত এ সিদ্ধান্ত নিতে উৎসাহ দিয়েছিলেন বলেও জানায় রয়টার্স।
আরেক জ্যেষ্ঠ হোয়াইট হাউস কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, গত কয়েক মাস ধরেই বন্ডির কাজ নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তাকে প্রতিস্থাপনের জন্য পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান লি জেলডিন-এর নামসহ আরও কয়েকজনের বিষয়েও আলোচনা হয়েছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বন্ডি ট্রাম্পের নীতির কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে তদন্তের ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতার প্রচলিত ধারা থেকে সরে আসার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।
Md Rakib Hossain 



















