বিল আকারে উত্থাপন না হলে ১০ এপ্রিলের পর কার্যকারিতা হারাবে গণভোট, গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশসহ ২০টি অধ্যাদেশ। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী বলেছেন, এর ফলে সংকট আরও বাড়বে। তবে ভিন্নমত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।
স্বৈরতন্ত্রের পথ বন্ধ করে ক্ষমতার ভারসাম্য ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা এবং জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশসহ ৪টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।
আর বিল আকারে এখনই উত্থাপন না করার সুপারিশ করা হয়েছে গণভোট, দুদকের ক্ষমতা বাড়িয়ে করা অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ ১৬টি অধ্যাদেশ।
সব মিলিয়ে ২০টি অধ্যাদেশের কার্যকারিতা হারানো নিয়ে আলোচনা-সমালোচনা চলছে নানা মহলে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী মনে করেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল হলে দীর্ঘ মেয়াদে সংকট দেখা দিতে পারে।
রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, সিরিয়াস কিন্তু কনস্টিটিউশনাল ক্রাইসিস। তাহলে কি এই সংসদ ডিজলভ হয়ে যাবে? আবার কি আমাদের নির্বাচন করতে হবে? এই জাতীয় নানা সাংবিধানিক প্রশ্ন এবং তার ব্যাখ্যা প্রয়োজন। উদ্দেশ্য তো আমি বুঝতে পারছি না, কিন্তু যেরকম মনে হয় যে তারা যেন একটা ক্রাইসিস তৈরি করতে চাচ্ছে। মানে বাংলাদেশে রাস্তায় লোকে যাবে, আবার মারামারি হবে, পুলিশ আবার গুলি করবে, সেটা নিয়ে মানুষ আবার ব্যস্ত হয়ে যাবে। এই সুযোগে তারা সরকার চালাবে। সেই সরকার কেমন হবে আপনিও জানেন, আমিও জানি। জনগণের কোনো আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে না। বাংলাদেশ নতুন বাংলাদেশ চাই, আমরা আবার সেই ফ্যাসিজমে যেতে চাই না।
তবে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ কার্যকর নিয়ে ভিন্নমতও রয়েছে কারো কারো। সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিকের মতে, অধ্যাদেশের মাধ্যমে আইন হলে সংসদের কার্যকারিতা কমে যায়।
সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, অধ্যাদেশের মাধ্যমে যদি আইন হয়, তাহলে তো সংসদের প্রয়োজনীয়তা কমে যায়। আমরা এখন সংসদ ছাড়া একটি গণতন্ত্রের যুগে প্রবেশ করছি এটি বাঙালি গণতন্ত্রের চর্চায় একটি নতুন অভিজ্ঞতা।
২০টি অধ্যাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও, ১১৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে। এর মধ্যে ৯৮টি সরাসরি বিল আকারে এবং বাকি ১৫টি সংশোধিত আকারে উত্থাপনের সুপারিশ করেছে বিশেষ কমিটি।
Afiaa zaman 









