ইসরায়েলের হাইফা শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। এরই মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও দুজন। দফায় দফায় ইরানের হামলা, ধ্বংসস্তূপে অবিস্ফোরিত অংশ এবং হামলার সতর্কতামূলক সাইরেন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলের হাইফা শহরে ইরানি হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানোর সময় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে। এর আগে ওই হামলার পর চারজন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গিয়েছিল। তাদের খোঁজে এখনও তল্লাশি চলছে।
রোববার সন্ধ্যায় এই হামলা ঘটে এবং উদ্ধারকর্মীরা সারারাত ধরে ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে অভিযান চালান। উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হচ্ছে হাইফা। এটি পরিবহন ও শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, পাশাপাশি এখানেই ইসরায়েলের তেল পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়।
Nayeem Al Mamun 



















