যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙ্গে যেতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু এ মন্তব্য করেছেন। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের।
এ সময় নেতানিয়াহু বলেন, পাকিস্তানে ইরানের সঙ্গে আলোচনা শেষে দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স তাকে সার্বিক পরিস্থিতি বুঝিয়ে বলেছেন। তার মতে, ইরান আলোচনায় অংশ নেওয়ার শর্ত ভঙ্গ করেছে। মার্কিন প্রতিনিধিরা ইরানকে যুদ্ধবিরতি মেনে নিয়ে হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে দেওয়ার শর্ত দিয়েছিল। তবে তা মেনে নেয়নি ইরান। এ কারণে যুক্তরাষ্ট্রও আর আলোচনা এগিয়ে নেয়নি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ও ইউরেনিয়াম কার্যক্রম পুরোপুরি বন্ধ করা। পাশাপাশি ইরানের মজুত করা ইউরেনিয়ামও অপসারণ করতে চায় তারা। যুক্তরাষ্ট্র চায় না নিকট ভবিষ্যতে ইরানে আর কোনো পারমাণবিক উন্নয়ন কর্মসূচি হোক।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। নেতানিয়াহু জানায়, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে ইসরায়েলের। তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে ইসরায়েল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে ফাটল ধরার যে আলোচনা চলছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। নেতানিয়াহুর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো।
উল্লেখ্য, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিরোধ চলছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে টানা ২১ দিন আলোচনা হলেও তাতে কোনো চুক্তি হয়নি।
পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সংঘাতের শুরুর দিকেই যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এক মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা।
Md Rakib Hossain 



















